পবিত্র কোরআন নিয়ে মহাকাশে হাজ্জা আল মানসুরি

২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৫৮  
পবিত্র কুরআন নিয়ে মহাকাশে পৌঁছেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রথম মহাকাশচারী হাজ্জা আল মানসুরি। মানসুরিকে বহনকারী মহাকাশযানটি কাজাখস্তানের বাইকোনুর শহরে থেকে রওনা হওয়ার প্রায় ছয় ঘণ্টার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) পৌঁছানোর খবর দিয়েছে গালফ নিউজ। আমিরাতের সেনাবাহিনীর সাবেক পাইলট মানসুরি আইএসএসে আটদিন অবস্থান কালে অন্যান্য আন্তর্জাতিক মহাকাশচারীদের সঙ্গে একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশগ্রহণ করবেন। মহাকাশের উদ্দেশে রওনা হওয়ার আগে তাকে একটি ১০ কেজি ওজনের ব্যাগ দিয়েছে মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার। এ ব্যাগে পবিত্র কুরআনের একটি কপির পাশাপাশি একটি ১০০ শতাংশ সিল্কের ইউএই’র পতাকা, আল গাফ গাছের ৩০টি বীজ, দেশটির প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের একটি ছবি এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের জীবনীগ্রন্থের একটি কপি। এ ছাড়া দেশটির মাদরুবা, সালুনা ও বালালিত নামের তিনটি ঐতিহ্যবাহী খাবার এবং মানসুরির পরিবারের সদস্যদের ছবিসহ কিছু ব্যক্তিগত জিনিস আছে এ ব্যাগে। ইউএই সময় অনুসারে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে মানসুরি এবং অন্যান্য ক্রু সদস্য আইএসএসে প্রবেশ করেন।